ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার

ads

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।


স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭ দশমিক ৫।ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভূমিকম্প দুটির উৎপত্তি হয়। এ অঞ্চলটিতে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও শিল্পপ্রতিষ্ঠান অবস্থিত।


ভূমিকম্পের দিন দেশটিতে জাতীয় ছুটি থাকায় বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় বহু ভবন ও স্থাপনা ধসে পড়েছে। অনেক স্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ভেনিজুয়েলার অধিকাংশ ভবন ভূমিকম্প-সহনশীল নকশা অনুসরণ করে নির্মিত নয়। ফলে শক্তিশালী এ দুই ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।


এদিকে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে দুর্গত অঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র এখনও জানা যায়নি। সূত্র: সিএনএন, ইউএসজিএস

ads
ads
ads

Our Facebook Page